করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে বিদেশ ফেরতদের বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় জনস্বার্থে তিনি এই আহ্বান জানান।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ওমিক্রন প্রতিরোধে বিমানবন্দর,সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আগত যাত্রী সাধারণের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।
এ সময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেনোম সিকোয়েন্সিং করার জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এবং ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
ওমিক্রনের স্যাম্পল পেলেই জেনোম সিকোয়েন্সিং শুরু করা হবে জানিয়ে অধ্যাপক শারফুদ্দিন বলেন, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কিনা এ বিষয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুস্টার ডোজ নিতে হবে কিনা সে বিষয়ে শিগগিরই জানানো হবে।
সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
