‘অনেক মানবতা দেখিয়েছি, আর কত’-বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কী দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন, তিনি বলেছেন, অনেক মানবতা দেখিয়েছি, আর কত। এটা কোনো সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার। সে চিকিৎসা এ দেশে সম্ভব হচ্ছে না। তার চিকিৎসকেরা বলেছেন, যে টেকনোলজি দিয়ে চিকিৎসা প্রয়োজন, সেই টেকনোলজি এখানে নেই। তাই কালবিলম্ব না করে তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। অথচ খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তিনি মিথ্যা মামলায় কারাভোগ করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে, কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়। রাজনীতি থেকে যখন জ্ঞান ও প্রজ্ঞা চলে যায়, সেখানে শক্তি-টাকা এই জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়। তখন সে রাজনীতি জনগণকে কোনোকিছু দিতে পারে না। এখানে হাসিনা সফল হয়েছেন। বাংলাদেশের রাজনীতির সবগুলো সংস্কৃতি তিনি বদলে দিয়েছেন। এখানে এখন সত্য ও সুন্দর বলতে কিছু নেই, আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন।’
তিনি বলেন, ‘এখন সবার মাঝে ঐক্য প্রয়োজন। আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদেরকে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সব মানুষকে ঐক্যবদ্ধ করে এ ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।’
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
