দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ পিএম

পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত কামরুল আকন (২৬) ও হাবিব আকন (৩০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের আকনবাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে একই বাড়ির আ. হক আকনের ছেলে কামরুল (২৬) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

এতে রাজি না হওয়ায় ঘটনার দিন বিকেলে কামরুল আকন, হাবিব আকনসহ ৪/৫ সহযোগী ওই শিক্ষার্থীর নির্জন বসতঘরে ঢুকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানা-পুলিশ রুবেল ও হাবিব আকনকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আ. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা এবং গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত