বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে শোকজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ এএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সদ্য খুলনা মহানগরীর সভাপতি পদ থেকে বাদ পড়া নজরুল ইসলাম মঞ্জুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

সোমবার দলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম মঞ্জুকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মঞ্জুর বিরুদ্ধে দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত চ্যালেঞ্জ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমি তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি, আক্রমণাত্মক কোনো কথা বলেনি। আমি সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যানও করিনি, আমি শুধুমাত্র কমিটি পুনঃ মূল্যায়ন করতে বলেছি। ঘোষিত কমিটি খুলনার জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর অংশের মানুষের মনের প্রত্যাশা পূরণ করেনি। আমি আশা করব, দল বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেবে।

সম্প্রতি, শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করে খুলনা মহানগর এবং আমির এজাজকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পিকে সদস্যসচিব করে খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বাদ পড়েন।

নতুন কমিটিতে তাদের কোনো অনুসারীদেরও রাখা হয়নি। এ ঘটনায় সেখানে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যার বহিঃপ্রকাশ ঘটে গত রবিবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে।

ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে ১২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিতর্কিত ও সুবিধাবাদী নেতৃত্ব রাজনৈতিক সংস্কৃতির বিরোধী। নয়া নেতৃত্ব সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা তথ্য দিয়েছে একটি অংশ। যা খুলনার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসীরা প্রত্যাখ্যান করেছে। এই কমিটির প্রতি খুলনা বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কোনো সমর্থন নেই, আস্থা নেই, বিশ্বাস নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত