লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় আতঙ্ক ছড়াতে বিএসএফ সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ সীমান্তবাসীর। এ সময় ভয়ে পালাতে গিয়ে দুই নারী আহত হন।
সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পকেট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৪৭ বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ টহলদলের সদস্যরা বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করেন। তারা ওই এলাকায় নুরুল হক ওরফে নুরুল পরীর ছেল আয়নাল হকের বাড়িতে হামলা চালান। এ সময় তারা গেট ও ঘরের বেড়া ভাংচুর করেন। ভয় পালাতে গেয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি রেনু বেগম আহত হন।
স্থানীয়রা আরো অভিযোগ করেন, ওই সময় বিএসএফ সদস্যরা ককটেলের বিস্ফোরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল।
হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
লালমনিরহাট ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
