৩৭ ‘বিদ্রোহী’ প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:২৮ এএম

মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ২০ জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ ছাড়া নেত্রকোনার মোহনগঞ্জে ‘বিদ্রোহী’ ১৭ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নের বহিষ্কৃতরা হলেন বালিয়াটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর সোহেল আহম্মেদ চৌধুরী, আওয়ামী লীগের সদস্য মীর আনিছুজ্জামান চৌধুরী। তিল্লি ইউনিয়নে যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খোকন ও আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ। ফুকুরহাটি ইউনিয়নে কৃষক লীগের সভাপতি মো. লিয়াকত আলী খান লাবু। সাটুরিয়া ইউনিয়নে উপজেলা কৃষিবিষয়ক সম্পাদক আবদুল গফুর। দিঘুলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মতিউর হোসেন ও যুগ্ন সম্পাদক এ টি এম আবদুল জলিল। বরাইদ ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হাই ও উপদেষ্টা মো. মোশারফ হোসেন।

ঘিওর উপজেলায় বহিষ্কৃতরা হলেন ঘিওর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন যুবলীগের সাবেক সভপতি মুন্নু দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ লতা, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য শরিফ মৃধা। নালী ইউনিয়নে ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের বিশ^াস, নালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলশান খান দেলোয়ার। সিংজুড়ি ইউনিয়নে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুর রশিদ এবং বানিয়াজুড়ি ইউনিয়নে মানিকগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান।

নেত্রকোনার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ ১৭ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা কমিটির কাছে সুপারিশপত্র পাঠানো হয়েছে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন বড়কাশিয়া বিরামপুর ইউপির মঈন উদ্দিন ও দেলোয়ার হোসেন। বরতলী বানিহারী ইউপির আজিজুর রহমান, হাসিম উদ্দিন, রায়হান সিদ্দিকী ও সোহাগ। তেঁতুলিয়া ইউপির আবুল কালাম আজাদ। মাঘান-সিয়াধার ইউপির সারোয়ার হোসেন নয়ন, আ হ ম শহীদুল হক, নজরুল ইসলাম ও মীর্জা শামছুল আলম। সমাজ-সহিলদেও ইউপির নূর মোহাম্মদ খান বার্কো। সুয়াইর ইউপির হাবিবুর রহমান সরকার ও জহিরুল হক চৌধুরী হীরা। গাগলাজুর ইউপির লিটন তালুকদার, মাসুদ আহমেদ ও আরিফুল ইসলাম।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বহিষ্কার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের অধিকাংশই বিএনপির সাবেক নেতাকর্মী। আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন সময়ে তারা মালা নিয়ে দলবদল করেছেন।

গত সোমবার রাতে দলীয় প্যাডে এ সংক্রান্ত একটি ঘোষণা প্রকাশ করা হয়। এর আগে গত শনিবার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত