কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ এনামুল হক (৩৬) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করে র্যাব।
এনামুল কাপাসিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের ফকির নাঈমুল হকের ছেলে। তিনি বর্তমানে ইটনা থানায় কর্মরত আছেন।
এ ব্যাপারে র্যাব কিশোরগঞ্জ মডেল থানায় বৃহস্পতিবার সকালে মামলা (২১/২১) রুজু করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক লে. কমান্ডার (বিএন) এম শোভন খান জানান, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পুলিশের ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
ওই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলা সদরের যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ এনামুল হককে আটক করে কিশোরগঞ্জ র্যাব-১৪।
পরে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (২১/২১ নং) রুজু হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তুললে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবাক্কার সিদ্দিক বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে নেওয়ার পর আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
