বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিমের আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেন।
মামলার আবেদনে আরেক আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ। তিনি যে ভার্চ্যুয়াল টক শোতে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সেই টক শোর সঞ্চালক ছিলেন।
মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, একজন মন্ত্রী যেভাবে অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়, এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি, আদালত সঠিক বিচারের ব্যবস্থা নেবেন।
