রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের ইট পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৪:৩৬ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কাজ করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৫০)। তার বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামে। বাবার নাম মৃত আবদুর রশিদ।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী নাজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। শ্রমিকেরা নিচে থেকে পাঁচতলার ওপরে ইট উঠাচ্ছিলেন।

তখন একটি ইট ওপর থেকে নিচে নাজিমের মাথার ওপরে পড়ে। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পরিচালক বলেন, মৃত্যুর পর তার লাশ মর্গে রাখা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এই দুর্ঘটনার পেছনে ঠিকাদারের অবহেলা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছিল, তারা এসেছে। তারা চাইলে মামলা করতে পারবেন। বিষয়টি পরিবারের ওপরেই নির্ভর করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত