চট্টগ্রামে হেলে পড়েছে দুই ভবন, ক্ষতিগ্রস্ত মন্দির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:১৫ এএম

চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট এলাকায় খাল খননের এলাকায় দুটি ভবন হেলে পড়েছে।

সোমবার রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট স্ট্যান্ড রোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল সংলগ্ন তিনতলা ও দোতলা ভবন দুটি হেলে পড়ে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

এর পাশে একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে।

ভবন হেলে পড়ার পর ওই ভবন দুটি থেকে বাসিন্দারা নিজ উদ্যোগে সরে যেতে শুরু করেছে।

সদরঘাট থানার এসআই রনি তালুকদার বলেন, রাত ১০টার দিকে ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই ভবন দুটির পাশের ড্রেনের কাজ চলার কারণে তিন তলা ও দোতলা ভবন দুটি হেলে পড়তে পারে। আমরা মানুষজনকে সরে যেতে বলেছি।
তিন তলা ভবনের মালিক রনি দাশ এবং অন্যটির মালিক মতিলাল দাশ বলে পুলিশ জানায়। এছাড়া ওই এলাকার বিঞ্চু মন্দিরটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, গুলজার খালের খনন কাজ হচ্ছিল। খোঁড়ার কারণে পাশের তিনতলা ভবনটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। পাশের আরও একটি ভবনও হেলে পড়েছে বলে মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত