যত দিন যাচ্ছে, খালেদা জিয়ার অবস্থার অবনতি ঘটছে: রিজভী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৩:০৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মুখপাত্র এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠানোর দাবিতে বুধবার থেকে দেশের সব জেলা সদরে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে রিজভী বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে।

তিনি বলেন, ‘পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা এ দেশে সম্ভব নয়। তাকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি প্রয়োজন। যতই দিন যাচ্ছে, তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটছে।’

রিজভী বলেন, খালেদা জিয়া বন্দী জীবন-যাপন করছেন দেশেরই এক গণতন্ত্র ও সভ্যতা বিরোধী শক্তির মাস্টারপ্ল্যানের দ্বারা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঞ্চিত হচ্ছেন মৌলিক মানবাধিকার থেকে।

তিনি বলেন, দেশের প্রচলিত আইনেই বিদেশে তার চিকিৎসা সম্ভব। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের দাবিকেও অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিঃশেষ করে দেওয়ার আয়োজনে ব্যস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত