এত সব কাজের মধ্যে নির্বাচন কমিশন আইন করতে পারিনি: হানিফ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম

যুদ্ধাপরাধ, বঙ্গবন্ধুকে হত্যা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারসহ সরকারকে অনেক গুরুত্বপূর্ণ কাজে সময় পার করতে হয়েছে জানিয়ে আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এত সব কাজের মধ্যে নির্বাচন কমিশন আইনটি গঠন করতে পারিনি।

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় আগে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা ১২ বছর সময় পার করেছি। এ ১২ বছরে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে আমাদের সময় পার হয়েছে।’

তিনি বলেন, জাতির বহু প্রত্যাশিত যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার বিচারও আমাদের করতে হয়েছে। সবচেয়ে যে বড় আঘাতটা আমাদের এসেছিল, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড।’

‘ক্ষমতায় আসার পরেই এমন একটি ঘটনা আমাদের মোকাবিলা করতে হয়েছে। আর সেটির বিচার কাজও করেছি। এত সব কাজের মধ্যে নির্বাচন কমিশন আইনটি গঠন করতে পারিনি’ যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, ‘আশা করছি, আগামী বছরই আইনটি গঠন করতে পারবো। নির্বাচন কমিশন গঠনে দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি তা অনুসরণ করছেন রাষ্ট্রপতি। সব কাজ চলছে, বৈঠক হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে।’

হানি বলেন, ‘নির্বাচনই হলো গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও আজকে বিএনপি সমালোচনা করছে।’

বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, অবশ্যই সেটা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।’

হানিফ বলেন, ‘আমিও প্রশ্ন রাখতে চাই- আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আপনারা নির্বাচন কমিশন আইন গঠন করেননি কেন? নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনারা যে কলঙ্ক তৈরি করে দিয়ে গেছেন, সেটি এখনো জাতির মনে আছে।’

সংগঠনের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত