ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছুরিকাহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:০১ পিএম

মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মামার ভোট দেখতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জখম হয়েছেন বলে অভিযোগ  উঠেছে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি মিটমাট হয়ে গেছে।

গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। আমি থানায় অভিযোগ করব। ছুরির আঘাতে ডান হাতের তিনটি আঙুল কেটে গেছে আমার।’

মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে রবিবার বেলা পৌনে তিনটার দিকে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন। মামার পক্ষে বেশ কিছুদিন তিনি প্রচার চালিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজনের ভোট কারচুপি অভিযোগ শুনে রাব্বানী সেখানে যান। এ সময় ওই প্রার্থীর ছেলে সোহেল মোল্লা তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেয়া হয়। হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও ৫ জন আহত হয়।

পরে স্থানীয়রা রাব্বানীসহ অন্যদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় নয়।’

রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ মোল্লার সঙ্গে এ বিষয় মুঠোফোনে যোগাযোগ করে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। আমি এখনো রাব্বানীর ওপর হামলার কথা শুনিনি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’    

শিবচর ও রাজৈর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনিচুর রহমান জানান, ইশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লা ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী একই সময় কেন্দ্রে উপস্থিত হওয়া একটু উত্তেজনা তৈরি হয়। তবে আমার জানা মতে কিছুক্ষণের মধ্যে সেটা মিটমাট হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত