খালেদা জিয়া দেশে থেকেই মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার চেষ্টা করেন: টুকু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:০৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭ই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ নয়। ৭১’ সালে পাকিস্তানী বাহিনী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিল, তিনি বিদেশে না গিয়ে দেশে থেকেই মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার চেষ্টা করেছিলেন, তাই খালেদা জিয়াও মুক্তিযোদ্ধা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে মঙ্গলবার বিকেলে এসব বলেন তিনি।

শহরের আলোরুপা মোড়ের দলীয় কার্যালয় সংলগ্ন প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি রংপুর বিভাগের সাংগাঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাজপথ দখল করে নেন, রাজপথ থেকেই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লার সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সমাবেশে বাধা দিতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশকে দিয়ে সড়কে যানবাহন রেখে ব্যারিকেড দেয়া হয়। নেতাকর্মীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেন। সমাবেশ ঘিরে গোটা জেলা শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর একটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থল জেলা বিএনপি কর্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন।

জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা কালেক্টরেট মাঠে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের অনুমতি দেয়নি। এ অবস্থায় শহরের মূল রাস্তায় স্টেজ করে আমাদের সমাবেশ করতে হচ্ছে।

নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে বাধা দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এই সমাবেশে লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম, রংপুর থেকে নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। কিন্তু পথে-পথে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানি করা হয়।

তবে লালমানিরহাট সদর থানার ওসি শাহা আলম দেশ রূপান্তরকে বলেন, বাধা দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত