রাজধানীর মতিঝিলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের বিশেষ ইউনিটের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শিমুল আহমেদ (২৭)।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিঝিল থানায় দায়ের করা ধর্ষণ মামলায় কনস্টেবল শিমুল আহমেদকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করে তিন দিনের রিমান্ডে চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
মতিঝিল থানার এসআই সুজন কুমার রায় গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। বাসায় তারা না থাকায় ভেতরে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
