এক জনসভায় বিচিত্র প্রস্তাব দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজু। তার দাবি, গেরুয়া শিবির যদি এক কোটি ভোট পায়, তাহলে মদ মিলবে ৭০ রুপিতে। এখানেই শেষ নয়। তেমন হলে ৫০ রুপিও হতে পারে মদের দাম।
এমন প্রতিশ্রুতিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে ভারতে।
মঙ্গলবার এক জনসভায় তিনি রাজ্যের জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ রুপি। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাদের সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি পালটে যাবে।
এরপরই বলেন, ‘বিজেপিকে এক কোটি ভোট দিন। আমরা আপনাদের ৭০ রুপিতে মদের ব্যবস্থা করে দেব। যদি লভ্যাংশ বেশি রাখা যায়, তা ৫০ রুপিতেও মিলতে পারে।’
২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই নির্বাচনকে ঘিরে প্রচারে আছে বিজেপি। আর তারই ফলশ্রুতি মঙ্গলবারের ওই প্রতিশ্রুতি।
বিজেপি নেতা বলেন, রাজ্যবাসীকে প্রতি মাসে মদ কেনার জন্য ১২ হাজার রুপি করে খরচ করতে হচ্ছে।
তার অভিযোগ, রাজ্যের শাসক দলের অনেক নেতাই বেনামে মদের কারখানা চালান। ওই সব কারখানা থেকে সস্তায় মদ কেনে সরকার। তারপর তা বিক্রি করে দেয় চড়া দামে।
বীররাজুর হিসেবে, অন্ধ্রপ্রদেশে মদের ক্রেতা ১ কোটি। আর সেই কারণেই তার আরজি, যদি ওই ১ কোটি মানুষ তাদের ভোট দেন, তাহলেই মদ্যপদের জন্য সুদিন এনে দেবে গেরুয়া শিবির।
