বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো বক্তব্যই দিচ্ছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।’
বিএনপি মুখপাত্র বলেন, ‘গতকাল আইনমন্ত্রী বলেছেন- বেগম খালেদা জিয়া বিদেশে পাঠানো এটা আইনে নেই। আইনমন্ত্রী আপনিতো নিজের কথা বলছেন, আইনের কথা বলছেন না। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো বক্তব্যই দিচ্ছেন।’
তিনি বলেন, ‘অবৈধ সরকারের এক মন্ত্রী নারী পাচার করে, কর্মীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে, আর বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে রাতেই ভোট পাচার করে নিয়ে গেছে।’
রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ উড়াল সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের কথা বলে। এসব প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ।’
‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন- বাংলাদেশ থেকে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগের নেতারা টাকা পাচার করে। আর ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে পাচার করেছে শেখ হাসিনার নেতৃত্বে’ যোগ করেন তিনি।
বিএনপি মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তাকে আমেরিকা নিষিদ্ধ করেছে। সেটা নিয়েও প্রধানমন্ত্রী গলাবাজি করে গালাগালি করছে তাদেরকে। প্রধানমন্ত্রী আপনি অন্য দেশকে গালাগালি করেন, আপনার দেশে কি গুম হয় না? তাহলে ইলিয়াস আলী কোথায়?’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তৃতা করেন।
