কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে গিয়ে টুরিস্ট পুলিশের হাতে সাংবাদিক আবদুল আজিজ লাঞ্ছিত হওয়ার ঘটনায় টুরিস্ট পুলিশের সেই উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে একটি তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘সাংবাদিককে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেওয়ার বিষয়টি পুলিশ সুপার মো. জিল্লুর রহমান (স্যার) কে অবহিত করার পরপরই তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। একই সঙ্গে একটি তদন্ত টিম গঠন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।’
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিক আবদুল আজিজকে টুরিস্ট পুলিশের এসআই আব্দুল মান্নান ধাক্কা নিয়ে মোবাইল কেড়ে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদ বলেন, বিকেলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। তাদের দেখে সাংবাদিকরা পর্যটকদের ছবি তুলছিলেন। তাদের সঙ্গে ছবি তুলছিলেন আবদুল আজিজও। তাকে ছবি তুলতে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত টুরিস্ট পুলিশের এসআই আব্দুল মান্নান। তাকে লাঞ্ছিত করে হাতের মোবাইলটি কেড়ে নেন ওই পুলিশ কর্মকর্তা।
আবদুল আজিজ বলেন, ‘পর্যটকদের ছবি তোলার সময় আমাকে লাঞ্ছিত করে মোবাইল ফোন কেড়ে নেন এসআই আব্দুল মান্নান। কারণ জানতে চাইলে তিনি বলেন, পর্যটকদের ছবি তোলা যাবে না।’
তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের অনুরোধে বিদেশি পর্যটকদের ছবি ওঠানোর বিষয়টি জানালে সে কেড়ে নেওয়া মোবাইলটি সামান্য দূরে উপস্থিত টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদের কাছে জমা দেন। পরে মোবাইলটি ফেরত দেওয়া হয়।’
আবদুল আজিজ বলেন, ‘টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে বিষয়টি জানালে তিনি এসে মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এসআই আব্দুল মান্নানের কাছে এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’
টুরিস্ট পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, ‘ঘটনাটি শুনেছি। মূলত মাস্ক পরে থাকার কারণে চিনতে না পারায় সাংবাদিকের মোবাইলটি কেড়ে নেওয়া হয়েছিল। ওখানে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিলেন। মূলত মাস্ক পরে থাকায় চিনতে না পারায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
সাংবাদিক আবদুল আজিজ একুশে টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও জাতীয় দৈনিক দেশ রূপান্তরের কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কক্সবাজার থেকে প্রকাশিত নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক।
