১ জানুয়ারি থেকে কণ্ঠশিল্পী মমতাজের বাড়িতে ‘মধুর মেলা’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৬ পিএম

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বাবা প্রয়াত আলহাজ্ব মধু বয়াতি স্মরণে প্রতি বছর ইংরেজি নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হয় ‘মধুর মেলা’।

প্রতিবছরের মতো এবারও ১ জানুয়ারি মমতাজ বেগমের নিজ বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ২১তম এ আসর।

জানা গেছে, মহামারি করোনার কারণে গেল বছর মেলা বন্ধ থাকলেও এ বছর মেলায় স্বাস্থ্য বিধি মেনে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। এ ছাড়া মেলা অনানুষ্ঠানিকভাবে আরো একাধিক দিন পর্যন্ত চলতে পারে বলেও স্থানীয়রা জানিয়েছেন। মেলার মূল আকর্ষণ- উপমহাদেশের বিখ্যাত বাউল শিল্পীদের অংশগ্রহণে লোকজ ও পালা গানের অনুষ্ঠান। প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু হয়ে রাতব্যাপী চলবে মেলায় গানের আসর ।

শনিবার বিকেল ৩টার দিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম।

মেলার প্রথম দিনেই গান পরিবেশন করবেন- শাহ আলম সরকার ও কাজল দেওয়ান। এ ছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের ফোক, বাউল, কাওয়ালি, বিচ্ছেদ, মরমি, আধুনিক ও পালা গানের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করবেন। মেলার শেষ দিন ৩ জানুয়ারি ওপার বাংলার শিল্পীদের অংশ গ্রহণে কবি গানের আসর অনুষ্ঠিত হবে।

সরেজমিন দেখা গেছে, মেলাকে ঘিরে ইতিমধ্যে বাউল কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন ও বিদ্যুৎ চালিত নৌকাসহ বিভিন্ন প্রকার রাইডস।

মেলা প্রসঙ্গে মমতাজ বেগম এমপি বলেন, আকাশ সংস্কৃতির মহারণে লোকজ গান, ক্ষুদ্র ও কুটির শিল্প আজ নিদারুণ আগ্রাসনের শিকার। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অস্তিত্বকে টিকিয়ে রাখার উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা মধু বয়াতির নামে মধুর মেলার আয়োজন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত