ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ গত চার দিন ধরেই লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। শুক্রবার তা ছিল ১৬ হাজার ৭৬৪। অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার ৩৫ শতাংশ বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ।
একই সঙ্গে দেশে মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৩১ জন।
আক্রান্তের পাশাপাশি শনিবার দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০৬ জন। এই মৃত্যুর অধিকাংশই কেরালায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৬১ হাজার ৫৭৯ জন।
২৩টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৪৫৪ জন এবং রাজধানী দিল্লিতে ৩৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
ওমিক্রন আক্রান্তদের মধ্যে দেশের প্রথম মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তেই দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ১০ হাজারেরও বেশি বেড়ে তা ফের এক লাখ ছাড়িয়েছে।
