নিজেদের কোন্দলে বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০:৩১ পিএম

বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের গোলাগুলিতে দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা মোড়ে গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ (২৬) ও ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মিনহাজ হোসেন আপেল (২৪)।

স্থানীয় বাসিন্দারা জানান, মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও অস্ত্রের মহড়া চলছিল। 

তারা বলেন, শনিবার বিকেলে রাসেল নামে শহর স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সহ-সভাপতিকে অপর পক্ষ ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া করে। রাসেল তখন তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তার মোটরসাইকেলটি হেফাজতে নেয়।

ওই ঘটনার জের ধরে রাসেল ও তার সহযোগীরা রবিবার সন্ধ্যার পর থেকে ডাবতলা মোড়ে মহড়া দেয়। রাত পৌনে ৮টার দিকে প্রতিপক্ষ গ্রুপ সেখানে পৌঁছালে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক সময় গোলাগুলির ঘটনা ঘটলে দু'জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িতদের সম্পর্কে এলাকাবাসী তথ্য দিয়েছেন। তাদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। 

তিনি বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত