মদ পানের বিষক্রিয়ায় মাসরুর মুহিত নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন।
রবিবার রাত সোয়া ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আব্দুল মান্নানের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক রুকুনুজ্জামান বলেন, কোনো কিছু খাওয়ার বিষক্রিয়ায় আমাদের বিভাগের ওই শিক্ষার্থী মারা গেছেন বলে জেনেছি।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, গত রবিবার রাত সোয়া ৮টার দিকে মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মদপানে তার মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান নাকি ভেজাল মদের কারণে তার মৃত্যু হয়েছে সেটা লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
