করোনা: সাত দিন পর আবার আসছে বিধিনিষেধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৬:৪৬ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমরা পিকনিক, বনভোজন, ওয়াজ মাহফিল, মসজিদে নামাজে যাওয়াসহ এ ধরনের সামজিক অনুষ্ঠানও সীমিত করার কথা বলেছি। সাত দিনের মধ্যে বিধিনিষেধ জারি হবে।  

তিনি বলেন, গতকালের (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগের মিটিংয়ে ১৫ দিনের মধ্যে নতুন বিধিনিষেধ কার্যকরের কথা হয়েছিল। কিন্তু ১৫ দিন আসলে অনেক বেশি। এ সময়ের মধ্যে রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই আমরা বলেছি সাত দিনের মধ্যে বিধিনিষেধ প্রয়োগ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবও একমত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাস, ট্রেন ও লঞ্চে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য বলেছি। হোটেল রেস্টুরেন্টে বসে খেতে পারবেন কেবল ভ্যাকসিন গ্রহণকারীরা। এই ক্ষেত্রে তাদের থাকতে হবে ভ্যাকসিন কার্ড। হোটেলে বসে খেতে হলে মাস্ক পরিধান করতে হবে। শুধু খাওয়ার সময় মাস্ক খুলতে পারবে। মাস্ক না থাকলে ভোক্তা ও হোটেল মালিকের জরিমানা হতে পারে। যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার চিন্তাও আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাত ১০টার পরিবর্তে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করেছে মন্ত্রণালয়। বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। কোয়ারেন্টিনে পুলিশ পাহারা দেওয়া হবে। 

স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে জাহিদ মালেক বলেন, সংক্রমণ বাড়লে স্কুলের বিষয় চিন্তা করা হবে, যে এটা চালিয়ে রাখা যাবে কিনা। তবে সেই পরিস্থিতি এখন বিরাজ করছে না।

তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করে যে লকডাউন দেওয়া হবে কিনা, পাশের দেশে তো দিয়েছে। আমরা সেই চিন্তা এখনই করছি না। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, সংক্রমণ অনেক বাড়লে লকডাউনের চিন্তা করব।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়ার প্রেক্ষাপটে সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত