জোরপূর্বক ব্যালট পেপারে সিল, পুঠিয়ায় এক কেন্দ্রের ভোট স্থগিত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ পিএম

জোরপূর্বক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মেরে ভোট দেওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ও কেন্দ্র বাতিল করা হয়েছে।

এছাড়াও ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য কারার দায়ে ৩নং ওয়ার্ডের হাতিলাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিমুল নামের নৌকার এক এজেন্টকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।

ওসি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিলাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিমুল নামের নৌকার এক এজেন্ট ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করছিল। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড দেন। একই সাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ১নং ওয়ার্ডের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে কয়েকজন জোর করে নৌকায় সিল মেরে বক্সে ঢুকিয়ে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হলেও তার আগেই তারা পালিয়ে যায়। পরে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। সেই সঙ্গে নির্বাচন অফিস ওই কেন্দ্র বাতিল করেন।

দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের তথ্য নিশ্চিত করে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পরবর্তীতে তারিখ ঘোষণা হলে এখানে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত