দুই দিনে ১২২ রান চাই দ. আফ্রিকার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২:২২ এএম

জোহানেসবার্গ টেস্টে ২৪০ রানের লক্ষ্য পাওয়া দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ১১৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। শেষ দুই দিনে আর ১২২ রান তাই স্বাগতিকদের। ভারতের চাই ৮ উইকেট।

বুধবার ভারত তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের সঙ্গে আরো ১৮১ রান যোগ করে। ২ উইকেটে ৮৫ রান নিয়ে নতুন দিন শুরু করে ২৬৬ রানে থামে সফরকারীদের ইনিংস।

চেতেশ্বর পূজারা ৫৩, আজিঙ্কা রাহানে ৫৮ ও হনুমা বিহারি অপরাজিত ৪০ রান করেন। প্রোটিয়াদের পক্ষে ৩টি করে উইকেট নেন কাগিজো রাবাদা, লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন।

প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের বিপরীতে ২২৯ রান করা দক্ষিণ আফ্রিকা এদিন লক্ষ্য তাড়া করতে নেমে আইডেন মারকরাম (৩১) ও কেগান পিটারসেনের (২৮) উইকেট হারিয়েছে।

তবে দলটিকে ভরসা দিচ্ছেন অধিনায়ক ডিন এলগার। ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। রাসি ফন ডার ডুসেন অপরাজিত আছেন ১১ রানে।

এই টেস্ট জিতলে তিন ম্যাচ সিরিজে ফিরবে সমতা। ভারত প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত