‘বাংলাদেশ ক্রিকেটের জন্য জাদুকরী মুহূর্ত’

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০১:৩৪ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ভিনদেশিরাও। ৮ উইকেটের এ জয়কে মোটেই অঘটন মানছেন না নিউজিল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। টুইটার পোস্টে ৮০ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্বদানকারী বলছেন, ‘এই টেস্টে নিউজিল্যান্ড বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল এমন বলাটা বোকামি। বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ টস জিতেছে এবং টেস্টজুড়েই অসাধারণ খেলেছে। অভিনন্দন বাংলাদেশকে এই ইতিহাস গড়ার জন্য। খুব আগ্রহের সঙ্গে দ্বিতীয় টেস্টে চোখ রাখব।’ ম্যাচে ধারাভাষ্য দেওয়া ড্যানি মরিসন বাংলাদেশের জয় দেখেছেন মাঠ থেকেই। সাবেক এই ফাস্ট বোলারের সঙ্গে বাংলাদেশের অন্যরকম যোগ আছে। বিপিএলসহ যেকোনো বড় টুর্নামেন্টেই তিনি বাংলাদেশে ধারাভাষ্য দিতে আসেন। সেই মরিসন লিখেছেন, ‘একটি স্মরণীয় দিনের কথা বলছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য জাদুকরী মুহূর্ত। দারুণ করেছে জেন্টলম্যানরা।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অনেকগুলো হাততালির ইমোজি দিয়ে টুইট করেছেন ‘ব্রিলিয়ান্ট বাংলাদেশ’। এর আগে চতুর্থ দিন শেষে পোস্টে তিনি লিখেছিলন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। তারা যদি দাগের ওপার যেতে (জয়) পারে তবে অবশ্যই এটা টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা জয় হয়ে থাকবে।’

সাবেক ভারত ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস গড়ার জন্য অভিনন্দন বাংলাদেশকে! ৮ উইকেটে একটি টেস্ট জেতা এবং নিউজিল্যান্ডে নিজেদের প্রথম টেস্ট জেতাটা অনুকরণীয় এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এই জয় আজীবন মনে রাখার মতো।’

ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের অনেক ম্যাচের সাক্ষী শ্রীলঙ্কার রোশান আবেসিংহে টুইট করেছেন, ‘চ্যালেঞ্জই নায়কদের জেগে উঠতে উজ্জীবিত করে। বাংলাদেশ ক্রিকেটের জন্য যার সর্বশেষ সংযোজন ইবাদত হোসেন। কী দারুণ পারফর্ম করল এই তরুণ! যখন আমি তাকে প্রথমবার বঙ্গবন্ধু বিপিএলে দেখেছিলাম, সব সময়ই মনে হতো তার ভেতরে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। এই অসাধারণ জয়ের জন্য টাইগারদের অভিনন্দন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত