উত্তর আটলান্টিকে টহলরত ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজের সঙ্গে রাশিয়ার এক সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের বরাত দিয়ে শুক্রবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ২০২০ সালের শেষের দিকের এবং একজন টেলিভিশনকর্মী ঘটনাটি ক্যামেরায় ধারণও করেছেন। তিনি সেসময় একটি ডকুমেন্টারির জন্য ভিডিও করছিলেন।
বিবিসি জানায়, সাবমেরেনটি যখন এইচএমএস নর্থম্বারল্যান্ড যুদ্ধজাহাজে আঘাত করে তখন সেটিকে ট্র্যাক করা হয়। সেসময় সাবমেরেনটির পেছনে একটি ভাঙা টুকরো ভাসতে দেখা যায়।
তবে সংঘর্ষটি ইচ্ছাকৃত ছিল এমন সম্ভাবনা কম বলে জানিয়েছে যুক্তরাজ্যের এক প্রতিরক্ষা সূত্র।
এ ঘটনায় রুশ সাবমেরিনটির কী ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। তবে ব্রিটিশ যুদ্ধজাহাজটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সেটিকে স্কটল্যান্ডের বন্দরে ফিরিয়ে নেওয়া হয়।
ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজগুলো উত্তর আটলান্টিকে নিয়মিত টহল দেয়। সম্প্রতি ওই অঞ্চলে রাশিয়ান সাবমেরিনের গতিবিধি বেড়েছে।
