দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবির শুট করতে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জনপ্রিয় পর্যটন শহরটির ঠান্ডা আবহাওয়া উপভোগ করার জন্য সঙ্গে নিয়েছিলেন স্বামী সঞ্জয় ও পরিবারের অন্যদের। কিন্তু ফলাফল সুখের হলো না।
জানা গেছে, ফিরে এসে ঠান্ডা লাগে ঋতুপর্ণার পরিবারের। পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সবার পরীক্ষার ফল পজিটিভ।
অভিনেত্রী বলেন, ‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমার শাশুড়ির ভাগ্যিস হয়নি। ওকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দী করেছি।’
কলকাতার অনেক সিনে তারকাই করোনার কবলে পড়েছেন সম্প্রতি। সংক্রমণের সেই তালিকা বেড়েই চলেছে। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ ও শ্রীজাত।
বলিউডের প্রথম সারির একাধিক তারকাও করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দী আছেন।
