গাজীপুরে সিলিং ফ্যানের সঙ্গে একই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন গাঁছা থানার পুলিশ মহানগরীর জাঝর উত্তরপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেতয়া গামের মো. মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় মোটেক সোয়েটার ফ্যাক্টরির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লিমা রহমান (২৫) ও সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে ও সিগমা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রজত কান্তি চৌধুরী (৩৭)।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লিমা আক্তার এক সময় গাজীপুর শহরের সিগমা ডায়াগনস্টিক সেন্টারে নার্সের চাকরি করতেন।
সেখানে চাকরি করা অবস্থায় ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক রজত কান্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি হলে লিমা সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে গাছা এলাকা এলাকার মোটেক সোয়েটার কারখানার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি নেন।
গত এক মাস আগে লিমা গাজীপুর মহানগরীর জাঝর উত্তরপাড়া একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে রজত কান্তি নিয়মিত তার সঙ্গে দেখা করতে আসতেন।
গত বৃহস্পতিবার কারখানা ছুটির পর লিমা একাই ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার কারখানায় সাপ্তাহিক ছুটি থাকায় তার কোনো খোঁজ নেয়নি কেউ।
শনিবার বিকেলে লিমা কারখানায় ডিউটিতে না যাওয়ায় কর্তৃপক্ষ দুপুরে বাসায় লোক পাঠিয়ে খোঁজ নেয়। এ সময় খোঁজ নিতে আসা লোকজন লিমার ভাড়া বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দেন।
দরজা খুলে গেলে ঘরের ভেতরে দেখতে পান গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে তারা দুজন ঝুলে আছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
