কুমিল্লার দাউদকান্দিতে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে মুকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে দাউদকান্দি মডেল থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
মুকবুল হোসেন উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিণা বাজারখোলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিণা বাজারখোলা গ্রামের মুকবুল হোসেনের মেয়ে নবম শ্রেণিতে পড়ে। একই শ্রেণিতে পড়ুয়া মেয়ের বান্ধবী তার বাসায় প্রায় আসা যাওয়া করতেন।
গত শুক্রবার বিকেল ৪টার দিকে মেয়ের সঙ্গে দেখা করতে বান্ধবী তার বাড়িতে যায়। মেয়ে ভেতরে আছে বলে মেয়ের বান্ধবীকে ঘরে নিয়ে ধর্ষণ করেন মুকবুল।
এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিম শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি মুকবুল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
