আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪/৫ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ ৩১/৩২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৭ টাকা হয়েছে।
এদিকে পেঁয়াজের দাম কিছুটা কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে সেই সঙ্গে দাম কম থাকায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমে যায়।
অপরদিকে মৌসুম শেষ হওয়ার কারণে ভারতীয় পুরোনো পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুনতে হচ্ছিল বন্দরের আমদানিকারকদের। যার কারণে লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন বন্দরের আমদানিকারকরা।
আবারও দেশের বাজারে দেশীয় পেঁয়াজের দাম আগের চেয়ে কিছুটা বাড়ার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় আবারও পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৩ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার বন্দর দিয়ে আমদানির পরিমাণ বেড়ে ১৯ ট্রাকে ৫২৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।
