মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের ‘নন-ক্যাডার বিধিমালা-২০২০’ সংশোধনের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্য স্নাতকদের অন্তর্ভুক্তি করে তাদের ন্যায্য অধিকার দিতে হবে।
রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে মাৎস্য বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোহরা হক দোলন বলেন, শুনেছিলাম মাৎস্যবিজ্ঞান বিভাগে চাকরির অনেক সুযোগ। তাই এক বুক আশা নিয়ে স্বপ্নের এই বিভাগে ভর্তি হয়েছিলাম। কিন্তু আজ যখন আমাদেরকে সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তখন আর সেই স্বপ্ন থাকে না। আজ আমাদের ন্যায্য দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা ছেড়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। যেটা সত্যিই দুঃখজনক।
তিনি আরও বলেন, এই বিভাগে না পড়ে এবং কিছু কোর্স পড়ে অনেকেই এই সেক্টরে চাকরি করছেন। তাহলে আমরা এই বিভাগে পড়ে সকল সেক্টরের চাকরি করতে পারছি না কেন? আমরা দ্রুত এমন বৈষম্যের অবসান চাই।
বিভাগের আরেক শিক্ষার্থী আতিকুজ্জামান বলেন, আমার পড়ালেখা শেষের পথে। বয়সও বাড়ছে। কিন্তু এই মুহূর্তে এসে চাকরির বিজ্ঞপ্তি থেকে জানতে পারি আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রতিনিয়ত হতাশা বাড়ছে। আমরা সকল চাকরির ক্ষেত্রে ন্যায্য অধিকার চাই। আর আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু হুইরার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবু জাহিদ, নাহিদ, মৌসুমি মেরী প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
