ইঁদুর মারার বিষ মেশানো মুড়ি খেয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে বাড়িতে ছিটানো ইঁদুরের ওষুধ মেশানো মুড়ি খেয়ে ইয়াছিন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শিশু ইয়াছিন পাশের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের মনা গ্রামের রিপন মিয়ার ছেলে। শ্রীপুরের জাহাঙ্গীরপুর  গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে থাকত শিশুটি। মা পাশের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত শিশুর নানা শাহাবুদ্দিন মিয়া বলেন, আমার মেয়ে নানিকে (শিশু ইয়াছিন) নিয়ে আমার বাড়িতেই থাকে। আমার মেয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে বাড়িতে নাতিকে রেখে। প্রতিদিনের মতো ওই দিনও ওর মা তাকে বাড়িতে রেখে কারখানায় চলে যায়।

তিনি বলেন, আমি বিকেলে বাড়ির কাছে একটি বাজারে চলে যাই। পরে রাতে তার নানি ইয়াসিনকে রেখে এশার নামাজ পড়তে যান। এ সময় ঘরে রাখা ইঁদুরের জন্য বিষ মিশানো মুড়ি দেখে খেয়ে ফেলে ইয়াছিন।

পরে গলায় ব্যথা অনুভূতি হলে কান্নাকাটি শুরু করে সে। কান্না থামাতে তার নানি কোলে নিলে বিষয়টি টের পায়।

একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, স্বজনদের মানবিক আবেদনের প্রেক্ষিতে শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।           

×
সর্বশেষ সর্বাধিক পঠিত