ববি ছাত্রীকে স্থানীয়দের মারধর, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:০৯ এএম

স্বামীসহ এক ছাত্রীকে মারধরের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

অভিযুক্ত লিটন মেম্বার ও জয়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে। বুধবার সকাল ১০টা পর্যন্ত লিটন ও জয়‌কে গ্রেপ্তারের আলটিমেটাম দি‌য়ে‌ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, সড়ক অবরোধ থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে নিয়ে আসা হয়। তাদের কথা আমরা শুনেছি। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি বলেন, লিটন মেম্বার জনপ্রতিনিধি সুলভ আচরণ করেননি বিধায় এই ঘটনার উদ্ভব হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনের অনুসারী জয় নামের যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্ত করে। এর ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্রী তার স্বামীকে নিয়ে ঘুরতে গেলে, তাকে আটক করে। পরে জয়ের নেতৃত্বে তাদের মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম ইয়ামিন জানান, বিশ্ববিদ্যালয়ের পাশেই আনন্দবাজার এলাকায় এক শিক্ষার্থী তার স্বামীকে নিয়ে ঘুরতে যান। এ সময় তাদের সঙ্গে অশোভন আচরণ করে মেম্বার লিটনের অনুসারী জয়সহ কয়েকজন। এরপর ছাত্রী ও তার স্বামীকে মারধর করে তারা। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।

সৈকত না‌মে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে প্রতিবাদ জানিয়েছি। ত‌বে কারা ঘরবা‌ড়ি ভাঙচুর ক‌রে‌ছে তা জা‌নি না। আমরা লিটন ও জয়‌কে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে তা‌দের গ্রেপ্তার করা না হ‌লে আন্দোলন গড়ে তোলা হ‌বে।’

এ নিয়ে ব‌রিশাল বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান ব‌লেন, ‘পু‌রো বিষয়‌টি আমরা জে‌নে‌ছি। ঘটনাস্থ‌লে অতিরিক্ত পু‌লিশ মোতায়েন রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত