বুমরাহর ৫ উইকেটে দ্বিতীয় দিন শেষে এগিয়ে ভারত

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২:৩৪ এএম

কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখাল বোলাররা। যেখানে আলাদা করে নজর কাড়লেন জাসপ্রতি বুমরাহ। সুবাদে তার দল প্রথম ইনিংসে লিডও আদায় করে নিল।

বুমরাহর ৫ উইকেট শিকারের দিনে বুধবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ২১০ রানে। প্রথম ইনিংসে ১৩ রানের লিড পায় সফরকারী ভারত।

আগের দিন ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২৩ রানে। পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ১ উইকেটে ১৭ রান করেছিল প্রোটিয়ারা।

এদিনও আগের দিনের মতো মোট ১১ উইকেট পেড়েছে। ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে।

চেতেশ্বর পূজারা ৯ ও বিরাট কোহলি ১৪ রানে অপরাজিত আছেন। এখন পর্যন্ত ৭০ রানের লিড ভারতের।

প্রথম ইনিংসে লিড পেলেও ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে। মায়াঙ্ক আগারওয়াল (৭) ও লোকেশ রাহুল (১০) ফিরে যান দলীয় ২৪ রানের মধ্যেই। এরপর পূজারাকে নিয়ে ধাক্কা সামলাতে লড়ছেন অধিনায়ক কোহলি।

এর আগে বুমরাহর আগুনে বোলিং সামলে ৭২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার কেগান পিটারসেন। ১৬৬ বলে ৯ চারে তিনি করেন সর্বোচ্চ ৭২ রান। শেষ পর্যন্ত অবশ্য বুমরাহর শিকার হয়েই ফেরেন তিনি।

বুমরাহ ২৩.৩ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত