দূতাবাস-মানবাধিকারকর্মীদের নির্বাচন পর্যবেক্ষণ করতে বললেন তৈমূর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৪৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার বলেছেন, পুলিশের কার্যক্রমের কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে জনগণ ভীত না। আমার নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন, পাশাপাশি মানবাধিকারকর্মী যারা আছেন তাদের সকলকে বলব আমার নির্বাচন পর্যবেক্ষণ করতে। কেন আমাদের নেতা কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে’।

তিনি বলেন, ‘আমার দলের নেতা কর্মীরা তো নৌকায় ভোট দেবে না। সরকারি দলের নেতা কর্মীদের কমিটি ভেঙে দিচ্ছে। কারণ তারা নৌকার পক্ষে কাজ করছে না’।

তিনি আরও বলেন, কাউকে ধমক দিয়ে, গালি দিয়ে তো কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার যে সরকারি দলের মাঝে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত