কৃষিক্ষেত্রে অবদান রাখা জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর কৃষক ইউসুফ মোল্লা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে তানোর উপজেলার ধুবইল গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৮ বছর বয়সী এই কৃষক।
ইউসুফ মোল্লার ছেলে গোলাম মোস্তফা জানান, প্রতিদিনের মতোই দিন শুরু করার পর সকাল সাড়ে ৭টায় হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি বলেন, ‘প্রায় ছয় মাস আগে বাবার ফুসফুসের ক্যান্সার দেখা দিয়েছিল। কিছুদিন হাসপাতালে ছিলেন। তারপর বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল।’
বীজ ব্যাংকিংয়ে মাধ্যমে বিরল ও ঐতিহ্যবাহী দেশীয় জাতের ধান সংরক্ষণকে সারা দেশে জনপ্রিয় করে ইউসুফ মোল্লা খ্যাতি অর্জন করেছিলেন।
দেশীয় সমৃদ্ধ জাতের ঐতিহ্যকে রক্ষা করার জন্য ইউসুফ মোল্লা ৫০ বছর আগে তার বাড়িতে ধানের বীজ সংগ্রহ শুরু করেন।
বেসরকারি গবেষণা সংস্থা বারসিক-এর সহায়তায় ‘বরেন্দ্র বীজ ব্যাংক’ প্রতিষ্ঠার পর ইউসুফ দেশের বিভিন্ন জেলার কৃষকদের নিয়ে প্রায় ৩০০টি ধানের জাত সংরক্ষণ করেন।
ইউসুফ মোল্লা পরিবেশসহ বেশ কয়েকটি বিষয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার সংগৃহীত ধান বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন দেশের কৃষিতে অসামান্য অবদান রেখে যাওয়া এই কৃষক।
