যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের প্রস্তাবে সাড়া দিয়ে আফগানিস্তানের জব্দকৃত তহবিলগুলো ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছে তালেবান।
তারা বলেছে যুক্তরাষ্ট্রের ‘জব্দকৃত’ তহবিলগুলোর কারণে আফগানিস্তানে মানবিক সংকট আরও প্রকট হচ্ছে। উল্লেখ্য, গেল বছরের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর মার্কিন কর্তৃপক্ষ আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সাড়ে ৯ বিলিয়ন ডলার সম্পদ জব্দ করেছে।
তালেবানের পক্ষ হতে শুক্রবার এই আহ্বান করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই জাতিসংঘের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে হবে।
এর আগে বৃহস্পতিবার, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ওয়াশিংটনকে ‘আফগানিস্তানে দুঃস্বপ্ন’ মোচনের আহ্বান জানান।
তিনি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, আমাদের অবশ্যই আফগানিস্তানকে ভয়াবহ মন্দাবস্থা থেকে উত্তরণের কথা ভাবতে হবে। সে দেশের লাখ লাখ মানুষের ক্ষুধা ও দারিদ্র্যকে মোকাবিলা করতে হবে।
আন্তর্জাতিক বিভিন্ন সাহায্য সংস্থা এবং জাতিসংঘ অনুমান করেছে, আফগানিস্তানের প্রায় ৩৮ মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই শীতে ক্ষুধার্ত অবস্থা পার করছে।
