ঝালকাঠির রাজাপুরে জুয়ার আসর থেকে খাদ্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় এক বিএনপি নেতাসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয় বলে দাবি রাজাপুর থানা পুলিশের।
গ্রেপ্তাররা হলেন- বরগুনার বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) রাজাপুরের বাগড়ী এলাকার শামসুল সিকদারের ছেলে মো. নজরুল ইসলাম সিকদার, রাজাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে আ. করিম বাবুল মৃধা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল রাজাপুরের পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে পুলক চন্দ্র হালদার, একই উপজেলার রোলা এলাকার আব্দুর রশিদ খানের ছেলে মো. হালিম খান ওরফে ছালাম ডাকাত এবং সাতুরিয়া এলাকার আব্দুল সোবাহান হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদার।
তাদের কাছ থেকে মোবাইল ফোন, জুয়া খেলার নগদ ১৫,৩৮০ টাকা ও তাস জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়ের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টার দিকে নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে বসা জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
