রাবিতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদের কুশপুত্তলিকা দাহ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ কুশপুত্তলিকা দাহ করা হয়।

এ সময় রাবি শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি করে স্বৈরাচারের সহায়ক ভূমিকা পালন করছে। এক ফরিদ উদ্দিনের পতন করে কি হবে। স্বৈরাচারী রেজিম যত দিন পর্যন্ত বাংলাদেশ থেকে উচ্ছেদ না করা যাবে তত দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে স্বৈরাচারী ভিসিদের কার্যক্রম চলবে। তাই আমাদের স্বৈরাচার দমন করতে হবে।’

রাকসু আন্দোলন মঞ্চের আব্দুল মজিদ অন্তর বলেন, ভিসির অপসারণ, শিক্ষার্থীদের মামলাগুলো প্রত্যাহার, শিক্ষার্থীরা যে ন্যায্য দাবিগুলো উত্থাপন করেছে তা মেনে নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ চালু না থাকায় স্বৈরতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছে। অনতিবিলম্বে সব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ চালু করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত