কুমিল্লা শিক্ষা বোর্ড

ফেল করা ছয়জন পুনঃনিরীক্ষণে পেল জিপিএ-৫

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৪৫ এএম

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২১ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ছয় শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি জানান, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪ হাজার ১৯৩ শিক্ষার্থী তাদের ৪ হাজার ৬৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছিল। এর মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। তাদের ৫১ জন ফেল থেকে পাস করেছে। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এ ছাড়া ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ শিক্ষার্থী। ২ লাখ ১৯ হাজার ৭০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত