চট্টগ্রামে পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে ৫১২টি খালের পুনঃখনন কাজ শেষ হবে ডিসেম্বরে

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১:৪৫ এএম

ডেলটা প্ল্যানের আওতায় সারা দেশে ৫১২টি খালের পুনঃখনন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। তিনি বলেন, ‘ইতিমধ্যে ৫১২টি খালের প্রায় ৭২ শতাংশ পুনঃখনন কাজ হয়েছে।’

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ১২ কিলোমিটার দীর্ঘ লেংগ্যা-শিকলবাহা-চৌমুহনী নয়াহাট খালের পুনঃখনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে খাল পুনঃখনন প্রকল্পের পুরো কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে আরও ৪ হাজার ২৬টি খালের খননকাজ শুরু হবে। দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে তিন-চার বছর সময় লাগবে। সব কাজ শেষ হলে বর্ষায় উজান থেকে আসা পানির ধারণক্ষমতা বাড়বে। পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের কারণে গত বছর একাধিকবার বন্যা হওয়ার পরও সেভাবে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়নি, বাঁধ ভেঙে যায়নি, বাঁধের পানি উপচে পড়েছে। যেখানে গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও বাঁধের ক্ষতি হয়নি। আমরা যদি ৬৪ জেলায় ছোট নদী ও খাল খননকাজ শেষ করতে পারি, বর্ষায় এসব নদী ও খালে পানি ধারণক্ষমতা বাড়বে। তখন গ্রাম প্লাবিত হবে না, ক্ষতির পরিমাণ কমে সহনীয় অবস্থায় আসবে।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তনয় কুমার ত্রিপুরা জানান, ২০৪ কোটি টাকা ব্যয়ে লেংগ্যা-শিকলবাহা-চৌমুহনী নয়াহাট খালটি পুনঃখননের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের ৮১ শতাংশ কাজ শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত