মা তার সন্তানের জন্য যেকোনো স্যাকরিফাইজ করতে পারেন। তারই উদাহরণ হয়ে থাকল বাঘের মুখ থেকে ছেলেকে উদ্ধার করা এক মা। ৮ বছরের বালককে থাবা দিয়ে নিয়ে যায় একটি চিতাবাঘ। মা কিছু বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত নেন, বাঘের সঙ্গে লড়াই করে ছেলেকে বাঁচাবেন। এক কিলোমিটার তিনি বাঘের পিছে পিছে ছোটেন। শেষ পর্যন্ত তিনি জিতেছেন। বাঘের মুখ থেকে রক্ষা করেছেন ছেলেকে।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বাড়িঝিরিয়া গ্রামে। সিধি জেলার সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের পাশে এই গ্রামটি অবস্থিত।
জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে ওই মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার তিন সন্তান বাইরে খেলছিল এমন সময় আচমকাই একটি চিতাবাঘ এসে তিন সন্তানের মধ্যে একটি আট বছরের ছেলেকে তুলে নিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে বাঘের পেছনে প্রায় ১ কিলোমিটার ছুটে যান ওই মা। এর পরে জঙ্গলে পৌঁছালে শুরু হয় লড়াই। বাঘ এবার ছেলেকে ছেড়ে আঘাত করেন মায়ের ওপর। মা পাল্টা আঘাত করলে বাঘটি পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই মাকে শ্রদ্ধা জানাচ্ছেন। অভিনন্দন জানাচ্ছেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
