গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্তে দুইজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়। ময়মনসিংহের মায়া রানী (৬৪) ও শেরপুরের লুৎফর রহমান (৪২) করোনা আক্রান্তে মারা যান। উপসর্গে মারা গেছেন ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার দুলাল মিয়া (৫২) এবং ভালুকা উপজেলার নুরুল হক (৬৫)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।
করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ওয়ার্ডে ২০ জন নতুন ভর্তিসহ ৭৩ জন চিকিৎসাধীন আছেন। আইসিইউতে আছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৪টি জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ।
শনিবারও পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছিল ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিট।
