গির্জায় নামাজ পড়ে যাজক হত্যার প্রতিবাদ (ভিডিও)

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ এএম

পাকিস্তানের পেশোয়ারে এক যাজক হত্যার ঘটনায় গির্জায় নামাজ পড়ে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার আলেমরা।

নিহত যাজকের নাম উইলিয়াম সিরাজ (৭৫)। রবিবারের প্রার্থনা শেষে তিনি ও তার দুই সঙ্গী চার্চ থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন।

এ সময় মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা গুলি চালায়। এতে উইলিয়াম সিরাজ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনের মধ্যে একজন সামান্য আহত। অন্যজন অক্ষত রয়েছেন।

এদিকে, ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের আলেমরা। প্রতিবাদ এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে গির্জায় নামাজ পড়েন সেখানকার একদল আলেম।

পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে।

কোনো ব্যক্তি বা সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের লাগোয়া উত্তরপশ্চিম পাকিস্তানে সহিংসতার ঘটনা সম্প্রতি বেড়ছে। বেশির ভাগ ক্ষেত্রে ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।

এর আগে ২০১৩ সালে পেশোয়ারে চার্চের সামনে জোড়া আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হন। সেই অল সেন্টস চার্চেই সোমবার সিরাজকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত