জানাজা থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে জানাজার নামাজ থেকে হামলা চালিয়ে হাতকড়াসহ ২০ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ মামলা করেছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার জাকির হোসেনকে (৩৮) আটক করেছিল। পুলিশ ও এলাকাবাসী জানান, ওইসময় স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে জনৈক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়।

সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যান জাকির হোসেন।

জাকির হোসেন উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, শিগগিরই আসামি ছিনিয়ে নেয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। তাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হাতকড়া উদ্ধার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত