শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, গোসাইরহাট উপজেলায় গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। আগে থেকে ওৎপেতে থাকা চরজুশিরগাঁও গ্রামের রসিদ কোটারী ছেলে জসীম কোটারী (৩০) ও খোরশেদ ফকিরের ছেলে মেহেদি হাসান ফকির (১৯) ওই ছাত্রীকে হাত-পা, মুখ চেপে ধরে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে জসীম ও মেহেদীকে আসামি করে গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
গোসাইরহাট থানার ওসি (তদন্ত) আবুবকর বলেন, ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য ওই ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে আসামি জসীম ও মেহেদী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
