বয়স যতই বাড়ুক মায়ের কাছে ছেলেরা আজীবন ছোটই থাকে। ৫৬ বছর বয়সী সালমান খান আজও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তার মায়ের সঙ্গে। সালমা খানের সঙ্গে নানান মুহূর্ত হামেশাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন সালমান। শ্যুটিংয়ের ব্যস্ততা যতই থাকুক, মায়ের সঙ্গে সময় কাটাতে ভোলেন না ভাইজান।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামের ওয়ালে সালমা খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই বলিউড তারকা। ছবিতে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গেল ‘বজরঙ্গী ভাইজান’কে। সবুজ রঙা টি-শার্টে ধরা দিলেন সালমান, সেলিম পত্নীর দেখা মিলল নীল-সাদা কুর্তায়। বিছানায় বসে ক্যামেরার জন্য পোজ দিলেন সালমা খান, আর হাসি মুখে শুয়ে থাকতে দেখা গেল সালমানকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মায়ের কোল হল জন্নত’।
সেলিম খান ও তার প্রথম স্ত্রী সালমা খানের বড় ছেলে সালমান। বরাবরই মা ভক্ত অভিনেতা, মায়ের সব আবদার পূরণ করেন তিনি। মা-ই তার সাপোর্ট সিস্টেম সবসময় বলেন সালমান। ফিল্মফেয়ারকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তার বাবা সেলিম খান যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তার মা সালমা খান খুব কষ্ট পেয়েছিলেন। সালমানও তার বাবার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি।
১৯৮১ সালে হেলেনের সঙ্গে নিকাহ করেন সেলিম খান। কোনও বিতর্ক বা চর্চা ছাড়াই স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন সালমানের মা সালমা খান। সালমানের বয়স তখন ১৬। হেলেনকে পরিবারের অংশ হিসাবে মেনে নিতে সময় লাগলেও এখন তাকে মায়ের স্থানই দিয়েছেন সালমান। খান পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ হেলেন।
সেলিম খান ও সালমা খানের চার সন্তান- সালমান, আরবাজ, আলভিরা ও সোহেল। অন্যদিকে সেলিম খান ও হেলেনের দত্তক কন্যা অর্পিতা। আজও অবিবাহিত সালমান, সেলিম খান ও তার দুই স্ত্রীর সঙ্গে গেইটি গ্যালাক্সির অ্যাপার্টমেন্টেই থাকেন। কারণ মা-কে ছাড়া থাকতে পারেন না অভিনেতা। একথা বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি।
বক্স অফিসে সালমানের শেষ রিলিজ ছিল ‘অন্তিমঃ দ্য ফাইনাল ট্রুথ’। আপতত ভাইজান ব্যস্ত ‘টাইগার থ্রি’ নিয়ে। এছাড়াও দু-দিন আগেই অভিনেতার আসন্ন ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’র রিলিজ ডেট সামনে এসেছে। ২০২৩-এর খুশির ইদে মুক্তি পাবে এই ছবি।
