পিয়াল-সালমার ‘রূপকুমারী’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

প্রথমবার একসঙ্গে গানে কণ্ঠ দিলেন সংগীতাঙ্গনের দুই প্রজন্মের দুই শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে তাদের ‘রূপকুমারী' শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।  

ফোক ও আধুনিক রোমান্টিক আবহে নির্মিত এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এতে অভিনয় করেছেন আনজুমান মেহজাবিন ও রুহুল আমিন। জমকালো দৃশ্যায়ন ও বর্ণিল উপস্থাপনায় ভিডিওটি সাজানো হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান।

গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, সালমা এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন শিল্পী। তার সঙ্গে প্রথমবার দ্বৈত গান করার অভিজ্ঞতা দারুণ। ফোক ও আধুনিকতার মিশেলে তৈরি ‘রূপকুমারী’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের বেশ ভালো সাড়া পাচ্ছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।

প্রকাশের পর গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধন এবং আধুনিক সংগীতায়োজনের কারণে ‘রূপকুমারী’ইতিমধ্যে আলোচনায় এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত