মালদ্বীপে তিন ম্যাচের ভলিবল সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ সেটে জয় তুলে নেয় সফরকারীরা।
প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছিল একই ব্যবধানে। শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এদিন প্রথম সেট ২৫-২১ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে আধিপত্য ধরে রাখতে পারেননি বাংলাদেশ। হরষিত রায়, আল জাবিবরা হেরে যান ২৫-১৬ পয়েন্টে। তবে তৃতীয় সেট হয়েছে একপেশে, বাংলাদেশ জিতে নেয় ২৫-১৫ ব্যবধানে।
জমজমাট চতুর্থ সেট ২৫-২১ পয়েন্টে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
